মানবতাবিরোধী অপরাধ

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ গঠন

২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া এবং ফতুল্লা থানাধীন সাইনবোর্ডসহ আশপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল ও ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ক্ষমতাচ্যুত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান
ক্ষমতাচ্যুত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান |ফাইল ছবি

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আসামিপক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করা হয়।

ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, সহিদুল ইসলাম ও মঈনুল করিমসহ অন্যরা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো: আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন।

শামীম ওসমানের ছাড়াও এই মামলার পলাতক অন্য আসামিরা হলেন- শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন; তার ভাতিজা আজমেরী ওসমান; অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি; নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু; রাজু আহমেদ; ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু; ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না; নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ; যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু; ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া এবং ফতুল্লা থানাধীন সাইনবোর্ডসহ আশপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল ও ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যা করা হয়।

২১ জুলাই ফাতুল্লা থানাধীন ভূইগড় বাসস্ট্যান্ডের সামনে আবদুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যা এবং ৫ আগস্টে বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার অভিযোগ আনা হয় এই আসামিদের বিরুদ্ধে। সূত্র : বাসস