স্ত্রীর আত্মহত্যা : অভিনেতা জাহের আলভী কারাগারে

আত্মসমর্পণের পর আসামিপক্ষ জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আদালতে জাহের আলভী
আদালতে জাহের আলভী |ইন্টারনেট

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান জাহের আলভী। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন দুপুর দেড়টার দিকে আদালতে আসেন জাহের আলভী। দুপুর ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হলে কাঠগড়ায় দাঁড়ান তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বলেন, আত্মসমর্পণের পর আসামিপক্ষ জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ইকরাকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় জাহের আলভী নেপালে ছিলেন।

ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় মামলা করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। এ ঘটনায় জাহের আলভীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।