পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেছে; ২৯ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসাথে এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করা হয়।

এই মামলায় গ্রেফতার দুই আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী আবুল হাসান। পলাতক ৯ আসামির পক্ষে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী এম হাসান ইমাম ও লোকমান হাওলাদার। প্রসিকিউসনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা মো: ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলায় পুলিশের গুলিতে শহীদ হন। এই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার ১১ আসামির মধ্যে গ্রেফতার দুই আসামি হলেন যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী। আর পলাতকরা ৯ আসামি হলেন ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন এডিসি মো: মাসুদুর রহমান মনির, তৎকালীন সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন ও এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উজ জামান।

সূত্র : বাসস