দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপন, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব ও ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’-এর সাবেক প্রকল্প পরিচালক ড. প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩ ডিসেম্বর) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: আকতারুল ইসলাম।
দুদক জানায়, আসামি ড. প্রশান্ত কুমার রায় সম্পদ বিবরণীতে এক কোটি ২০ লাখ ৯৩ হাজার ৩৫১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান করেছেন। এতে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারা লঙ্ঘন করেছেন।
এছাড়া, তিনি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয় উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৭ লাখ ৫৩ হাজার ৭৬৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন এবং তার নিজ ও মেয়েদের নামে খোলা ১২টি ব্যাংক হিসাবে মোট ১৮ কোটি ৫৩ হাজার ৭১৯ টাকা জমা রেখে পরবর্তী সময়ে তা উত্তোলন বা স্থানান্তর করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।
ড. প্রশান্ত কুমার রায় খুলনার বটিয়াঘাটা থানার গোপ্তমারী গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে বসবাস করছেন। বাসস



