বিনা দরপত্রে সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি বরাদ্দের অভিযোগে ১৯ বছর আগের দুদকের করা ১৫টি মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন। রায়ে মামলার সব আসামিকেই খালাস দেয়া হয়।
সূত্রে জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি-সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে মির্জা আব্বাসসহ ২১ জনকে আসামি করে পৃথক ১৫টি মামলা করে দুদক। এর মধ্যে মির্জা আব্বাসসহ ১২ জনকে প্রত্যেক মামলায় আসামি করা হয়। অপর আসামিরা হলেন এস এম জাফর উল্লাহ, মো: এমদাদুল ইসলাম, মোহাম্মদ আলী, গোলাম নবী, কাজী রিয়াজুল মনির, জিয়াউদ্দিন আহমেদ, আব্দুস সাদেক, হুমায়ন খান, মীর মোশাররফ হোসেন, ইকবাল উদ্দিন চৌধুরী, মো: শহীদ আলম।
এর বাইরে আমির খসরু মাহমুদ চৌধুরীকে এক মামলায়, আহমেদ আকবর সোবহানকে দুই মামলায়, মেহেদী হাসান, শফিকুর রহমান কিরন, নুরুচ্ছাফা, মো: শুকুর মিয়া, হাসনা আহমেদ, আলী হায়দার চৌধুরীকে পৃথক মামলায় আসামি করা হয়।
২০০৭ সালের ২৯ মার্চ এসব মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেয়া হলে ওই বছরের ২৫ সেপ্টেম্বর তৎকালীন বিচারক শাহেদ নূরউদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ মামলার অভিযোগ থেকে আসামিদের খালাস দেন।



