সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ চায় ট্রাইব্যুনাল

চিফ প্রসিকিউটর স্বাক্ষরিত চিঠিতে ইন্টারপোলের বিধিমালা মেনে অবিলম্বে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি ট্রাইব্যুনালকে অবহিত করতে পুলিশ সদর দফতরকে অনুরোধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ |ইন্টারনেট

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ কেন্দ্রিক হত্যাকাণ্ড এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় গঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন জানানো হয়েছে।

গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে পুলিশ প্রধান (আইজিপি) এবং বাংলাদেশ পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আইজি বরাবর এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাপলা চত্বরের মামলায় পলাতক আসামি জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চাওয়া হলো। এর আগে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের নামে এমন আদেশ হয়েছে।

আমিনুল ইসলাম জানান, আসামি জেনারেল (অব.) আজিজ আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে ট্রাইব্যুনাল নিশ্চিত হয়েছে। তাকে সহ পর্যায়ক্রমে মামলার অন্যান্য পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

চিফ প্রসিকিউটর স্বাক্ষরিত চিঠিতে ইন্টারপোলের বিধিমালা মেনে অবিলম্বে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি ট্রাইব্যুনালকে অবহিত করতে পুলিশ সদর দফতরকে অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত ২৭ জুলাই, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই আদেশে আদালত পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।