রাজধানীর বনানীতে মশাল মিছিলের চেষ্টাকালে গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
শুক্রবার (৭ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামির হলেন মো: আরিফ (১৯), মো: শাকিল আহমেদ (১৯) ও আশিক আহমেদ মোস্তফা (১৯)।
বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা, বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বনানী থানা পুলিশের একটি টিম জানতে পারে যে সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। তাৎক্ষণিকভাবে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায় এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত তাদের আটক করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়। বাসস



