আর এস ফাহিম হত্যা মামলায় কারাগারে

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় আর এস ফাহিমকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম |ইন্টারনেট

কনটেন্ট ক্রিয়েটর এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও অর্থদাতা আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

আজ সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে তার জামিন শুনানির জন্য মঙ্গলবার (৩১ মার্চ) দিন ধার্য করেন।

এর আগে রোববার (২৯ মার্চ) রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের নির্দেশনায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে। এ সময় ভিক্টিম মো: ইমরান কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আন্দোলনরতদের সাথে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিলে অজ্ঞাতনামা আসামিদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৫ এপ্রিল গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।