রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় করা মামলায় ওই হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া তিন চিকিৎসক হলেন সার্জন ডা. তাসনুভা মাহজাবীন, স্পেশাল অ্যানেসথেসিস্ট ডা. সৈয়দ সাব্বির আহমেদ ও সহকারী স্পেশাল অ্যানেসথেসিস্ট ডা. মো: নাজিম উদ্দিন।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম মামলার অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, শিশু আয়ান রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তাকে সুন্নতে খতনা করাতে সাঁতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অ্যানেসথেসিয়া প্রয়োগের মাধ্যমে খতনা করা হলেও অপারেশনের কয়েক ঘণ্টা পরও তার জ্ঞান না ফেরায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে আট দিন লাইফ সাপোর্টে থাকার পর ২০২৪ সালের ৭ জানুয়ারি দিবাগত রাতে চিকিৎসকরা আয়ানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ৯ জানুয়ারি আয়ানের বাবা শামীম আহমেদ অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে আজ তিন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।



