রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দু’জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
অপর আসামি হলেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।
রোববার (৮ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। এ বিষয় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করেন আদালত।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করে টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ।
একইসাথে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। এদিনও তাকে গ্রেফতার করতে পারেনি বলে প্রতিবেদন দাখিল করেন পুলিশ। এরপর আইনুযায়ী তাকে আদালতে হাজির হওয়ার জন্য গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত।
অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো: খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করেন দুদক।
অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং-৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে-১১৩, ১১বি (নতুন), রোড নং-৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।
গত জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।
গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।
সূত্র : বাসস


