গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিম (শেখ সেলিম) ও তার পরিবারের সদস্যদের ৩৫টি ব্যাংক হিসাব ও ২৩টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৬ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।
আবেদনে বলা হয়েছে, শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে দেখা যায় যে, শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, তিনি এবং তার পরিবারের সদস্যরা অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে ওই টাকা উদ্ধারকরণ কঠিন হয়ে পড়বে। তাই শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যরা ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্টদের অস্থাবর সম্পদগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। বাসস



