কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা : ইনুর মামলার রায় ৩০ জুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন।

নয়া দিগন্ত অনলাইন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু |ইন্টারনেট

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।

এর আগে, উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহাম্মদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ।

এর আগে, গত ১৪ মে এ মামলায় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে এ বিচার চলছে।

হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে; কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি, শেখ হাসিনার সাথে বৈঠক করে গুলি করার নির্দেশ এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে সরাসরি অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেয়ার মতো অভিযোগ।