আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা

২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রসিকিউশনের এক মাস সময় আবেদন মঞ্জুর করে তদন্ত প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
আশুলিয়ায় ভ্যানে লাশ রেখে আগুন লাগিয়ে দেয় পুলিশ
আশুলিয়ায় ভ্যানে লাশ রেখে আগুন লাগিয়ে দেয় পুলিশ |ইন্টারনেট

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের এক মাস সময় আবেদন মঞ্জুর করে তদন্ত প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ রোববার এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো: সাইমুম রেজা তালুকদার।

জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে, গত ১৫ এপ্রিল তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। যে তিন পুলিশ কর্মকর্তাকে সেদিন কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়, তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো: শাহিদুল ইসলাম ও ডিবি’র সাবেক পরিদর্শক মো: আরাফাত হোসেন।

লাশ পোড়ানোর নৃশংস ঘটনার বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গত ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর, লাশগুলোকে পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব লাশে আগুন দেয়া হচ্ছিল, তখন একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।

সূত্র : বাসস