ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার মামলায় শুটার মো: রহিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাজধানীর তেজতুরী বাজারের স্টার কাবাবের পেছনের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির (৪৫)। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাত পরিচয় চার থেকে পাঁচজন আসামির বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। বাসস



