ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হাইকোর্ট
হাইকোর্ট |ফাইল ছবি

রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট মো: শোয়েবুজ্জামান।

গত ৫ মে যানজট নিরসন এবং ফুটপাতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সরকার ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ প্রণয়ন ও জারি করে।

স্থানীয় সরকার বিভাগ প্রণীত এ নীতিমালার মূল লক্ষ্য হিসেবে হকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা বলা হয়। নীতিমালায় ঢাকার ফুটপাতে হকারদের ব্যবসা পরিচালনার জন্য সুনির্দিষ্ট স্থান ও ফুটপাত বরাদ্দের নিয়ম নির্ধারণ করা হয়।

সূত্র : ইউএনবি