অনলাইন গেমিং, সাইবার স্পেসে জুয়া এবং দেশী ও বিদেশী মুদ্রা পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৬১ জন ব্যক্তির ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ মামলা তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, সিটি ব্যাংক পিএলসি’র সাবেক কর্মকর্তা শেখ মো: ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারিত হয়ে পাঁচটি হিসাবে মোট প্রায় ৫১ লাখ টাকা নগদ জমা প্রদান করেন মর্মে অভিযোগ পাওয়া যায়। এতদসংশ্লিষ্ট অর্থের সাথে জড়িত এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার ও তদসংশ্লিষ্ট ৬১ জন ব্যক্তিবর্গ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংক সমূহে পরিচালিত মোট ৫৯৫টি হিসাবে মোট প্রায় ১২১২ কোটি টাকা জমা এবং ১২০৭ কোটি টাকা উত্তোলন করার নজির পরিলক্ষিত হয়।
লেনদেন পর্যালোচনান্তে হিসাবসমূহে সংঘঠিত লেনদেনের সাথে সম্পৃক্ত অপরাধ প্রতরণা, অনলাইন গেমিং, বেটিং বা সাইবার স্পেসে জুয়া, হুন্ডি বা দেশী ও বিদেশী মুদ্রা পাচার, ক্রিপ্টো কারেন্সি ক্রয় বিক্রয়, শুল্ক ফাঁকির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। তাই উল্লিখিত হিসাবসূমহের অর্থ অবরুদ্ধ করা খুবই জরুরি।
সূত্র : বাসস



