ঢাকার বনানী থানা এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতার অভিযুক্তের নাম মো: আল আমিন (২১)।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বনানী থানা সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা ৭টা থেকে ৮টার দিকে বনানী থানাধীন মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে নয় বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়। খবরটি পাওয়ার পরই পুলিশের একটি টিম মেয়েটাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় মেয়েটির মা বনানী থানায় একটি মামলা দায়ের করেন।
বনানী থানা সূত্রে আরো জানা গেছে, মামলার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতার হওয়া আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।



