লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদেরকে ৪৬৪০টি মামলায় আইনি সহায়তা

লিগ্যাল এইডের মাধ্যমে ২০০৯ থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত শ্রমিকদের ৪৬৪০টি মামলায় আইনি সহায়তা দেয়া হয়েছে, যেখানে ৩০ হাজারের বেশি শ্রমিক সেবা পেয়েছেন এবং প্রায় ৭ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) অধীনে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৬৪০টি মামলায় সরকারি খরচে আইনি সহায়তা দেয়া হয়েছে।

লিগ্যাল এইডের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে শনিবার (২৩ মে) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বাসস।

প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়েছে, শ্রমিকদেরকে ৪ হাজার ৬৪০ মামলায় আইনি সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে ৮২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।

বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য শ্রমিকদের ৩ হাজার ৩০৯টি মামলায় উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ১৯২০টি মামলা নিষ্পত্তি হয়েছে। ৩০ হাজার ১০২ জন শ্রমিক সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন।

এছাড়াও লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের অনুকূলে ৬ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৯১৬ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে।

দেশে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে।