চানখাঁরপুলে ৬ হত্যা

সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পলাতক আসামিদের হাজির হওয়ার নির্দেশ দিলেও তারা উপস্থিত হননি।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান |ইন্টারনেট

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আজ সোমবার সকালে এ মামলায় গ্রেফতার চার আসামিকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

তারা হলেন পুলিশের পরিদর্শক আরশাদ, কনস্টেবল মো: সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম।

পলাতক চারজনের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

বাকি দু’জন হলেন রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো: আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

ট্রাইব্যুনাল গত ৩ জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পলাতক আসামিদের হাজির হওয়ার নির্দেশ দিলেও তারা উপস্থিত হননি।

এর আগে, গত ২৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চাঁনখারপুল হত্যা মামলায় প্রথম আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ দাখিলের পর তা আমলে নেন ট্রাইব্যুনাল।

এই মামলার অভিযোগে বলা হয়েছে, রাজধানীর চাঁনখারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো: ইয়াকুব, মো: রাকিব হাওলাদার, মো: ইসমামুল হক এবং মানিক মিয়া গুলিতে নিহত হন।