জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে মোট ৩২২ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৩৭৫ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে দেয়া সরকারি আইনি সহায়তার বিস্তারিত তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
শুরুর দিকে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু হয়। পরে সুপ্রিম কোর্টে লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতে এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রি-কেস ও পোস্ট-কেস মিলিয়ে অসচ্ছল বিচারপ্রার্থীদের পক্ষে ৩২২ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৩৭৫ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলায় লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আদায় হয়েছে ৩১৫ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪৫৯ টাকা এবং ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আদায় হয়েছে ৬ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৯১৬ টাকা।
২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জন উপকারভোগী।
বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের (টোল ফ্রি-১৬৬৯৯) মাধ্যমে এ সেবা দেয়া হচ্ছে।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসামর্থ্য বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।
সূত্র : বাসস



