গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা : ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

২০০৬ সালের ৫ মে আসামি সানাউল্লাহ তার স্ত্রী রুবিনা আক্তার পিংকিকে যৌতুকের জন্য মারধর করেন। একপর্যায়ে কেরোসিনের চুলায় পানি গরম করে ভিকটিমের শরীরে ঢেলে দেন। ভিকটিমের চিৎকারে আশপাশের সবাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

নয়া দিগন্ত অনলাইন
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো: সানাউল্লাহ (মাঝে)
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো: সানাউল্লাহ (মাঝে) |ইন্টারনেট

রাজধানীর কামরাঙ্গীচরে ২০ বছর আগে যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যার মামলায় স্বামী মো: সানাউল্লাহকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালের ৫ মে আসামি সানাউল্লাহ তার স্ত্রী রুবিনা আক্তার পিংকিকে যৌতুকের জন্য মারধর করেন। একপর্যায়ে কেরোসিনের চুলায় পানি গরম করে ভিকটিমের শরীরে ঢেলে দেন। ভিকটিমের চিৎকারে আশপাশের সবাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভিকটিমের মা রাবিয়া আক্তার কামরাঙ্গীচর থানায় সানাউল্লাহসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২০ নভেম্বর সানাউল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। সানাউল্লাহ ছাড়া বাকি নয়জনকে বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়। মামলার বিচার চলাকালে নয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

সূত্র : বাসস