জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ (রোববার) ষষ্ঠ সাক্ষীর জবানবন্দী গ্রহণ করা হবে।
রোববার (৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন পলক। অন্যদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আইনি লড়াই পরিচালনা করছেন।
এর আগে গত ২৬ এপ্রিল পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন হয়। তিনি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড-এর একজন কর্মকর্তা। তাকে জেরা করেন আইনজীবী আমিনুল গণি টিটোসহ আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে ১৯ এপ্রিল তার জবানবন্দী রেকর্ড করা হয়। জেরা শেষ হওয়ায় আজকের দিন সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করা হয়।
প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়েছে, জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেসবুকে উসকানিমূলক বার্তা দেন পলক। এর প্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা এবং হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও আনা হয়েছে। এসব ঘটনায় রাসেল ও মোসলেহ উদ্দিনসহ ২৮ জন নিহত হন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। তৃতীয় অভিযোগে উত্তরা এলাকায় আরও ৩৪ জনকে হত্যায় সহায়তার বিষয়টি তুলে ধরা হয়েছে।
চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয়া হয়। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় একই আদালত।



