শিশির মনির

বুধবার সকালে মুক্তি পাবেন এটিএম আজহার

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম বুধবার সকাল ৯টা-১০টা নাগাদ মুক্তি পাবেন।

নয়া দিগন্ত অনলাইন
জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম
জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম |সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই।

তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, বুধবার (২৮ মে) মুক্তি পাবেন এ টি এম আজহারুল ইসলাম।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, এ টি এম আজহারুল ইসলাম বুধবার সকাল ৯টা-১০টা নাগাদ মুক্তি পাবেন।

জামায়াতের কারাবন্দি এ নেতা বর্তমানে কারাগারের তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ টি এম আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে খালাসের রায় দেন।

রায়ে সর্বোচ্চ আদালত ২০১৪ সালে এ টি এম আজহারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় ও মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া আগের রায় বাতিল ঘোষণা করেছেন। এছাড়া অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতেও বলা হয়েছে।

এরপর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে আপিল বিভাগের আদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরে ট্রাইব্যুনাল সেটি কারাগারে পাঠিয়েছে।