ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি খাইরুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই।
জানা যায়, রাজধানীর বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিদিশাকে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। ওই রায়ের পর গত ২৬ আগস্ট নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে জামিনের আবেদন করা হলে ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির তার জামিন নামঞ্জুর করেন।
বিদিশা সিদ্দিকের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ মিয়া জামিনের বিষয়টি নিশ্চিত করেন।



