জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধবেলা বন্ধ

মরহুমের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
মরহুম জমির উদ্দিন সরকার
মরহুম জমির উদ্দিন সরকার |ইন্টারনেট

বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সাথে মরহুমের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সুপ্রিম কোর্টবারের এই সিনিয়র আইনজীবী।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, প্রধান বিচারপতি তার নিজের, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির, সব কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


শোকবার্তায় আরো উল্লেখ করা হয়, মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ (১২ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্টসমূহের কার্যক্রম অর্ধবেলা (দিনের দ্বিতীয় ভাগ) বন্ধ থাকবে। একই সাথে আজ সুপ্রিম কোর্টের চেম্বার কোর্টের সব কার্যক্রমও বন্ধ থাকবে।