ডারউইনের ম্যারারা ওভাল ক্রিকেট গ্রাউন্ড আন্তর্জাতিক ক্রিকেটর স্বাদ প্রায় ভুলতেই বসেছিল। এই মাঠে সর্বশেষ ২০০৮ সালে কোনো আন্তর্জাতিক ম্যাচ গড়িয়েছিল। তবে অবশেষে ঘুম ভেঙে উঠল ডারউইন।
১৭ বছর পর ডারউইনে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনে হেসেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে জিতেছে স্বাগতিকেরা।
আজ রোববার টসে হেরে আগে ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান পর্যন্ত করতে পারে প্রোটিয়ারা।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অজিরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৭৫ রান তুলতেই হারিয়ে ফেলে ৬ উইকেট। ক্যামেরন গ্রিনের ১৩ বলে ৩৫ বলার মতো স্কোর।
এরপর হাল ধরেন টিম ডেভিড। একপ্রান্ত আগলে শুরু করেন বিধ্বংসী ব্যাটিং। অন্য প্রান্ত দিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও ডেভিড ৪ বাউন্ডারি আর ৮ ছক্কায় করেন ৫২ বলে ৮৩ রান।
এছাড়া বেন ডারসুইস ১৯ বলে ১৭ ও নাথান এলিস করেন ১১ বলে ১২ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে মাফাকা নিয়েছেন ৪ উইকেট, রাবাদা নিয়েছেন ২ উইকেট।
রান তাড়ায় ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মাথায় এইডেন মার্করামের (১২) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দলীয় ৪০ রানের মাথায় প্রিটোরিয়াস (১৪) ফেরেন সাজঘরে।
তার একটু পরই সাজঘরের পথ ধরেন ডেওয়াল্ড ব্রেভিস। তাকে ফেরান বেন ডোয়ারশিস। বদলি ফিল্ডার অ্যাবটের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৬ বলে ২ রান। ৪৮ রানেই ৩ উইকেট হারায় প্রোটিয়ারা।
ফলে জয়ের পথটা হয়ে যায় কঠিন হয়ে যায়। তবে ওপেনার রায়ান রিকেলটন ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন। ট্রিস্টান স্টাবসের সাথে গড়েন ৫২ বলে ৭২ রানের জুটি। স্টাবসের ব্যাটে আসে ২৭ বলে ৩৭ রান।
কিন্তু ১৪.২ ওভারে ৩ উইকেটে ১২০ থেকে টানা দুই ওভারে দু’টি করে উইকেট হারিয়ে ১২৩ রানে ৭ উইকেটে পরিণত হয় প্রোটিয়ারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। বৃথা যায় রিকেল্টনের লড়াই।
অজিদের হয়ে তিনটি করে উইকেট নেন জস হ্যাজেলউড ও বেন ডারসুইস। ২ উইকেট শিকার অ্যাডাম জাম্পার।



