কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ এলাকায় জোরপূর্বক নৌকায় তুলে বুড়িগঙ্গা নদীর মাঝখানে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহিদুল ইসলাম, নিজাম, সাইফুল ইসলাম ও মনির হোসেন সেন্টু।
আজ রোববার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর বিকেলে ২৫ বছর বয়সী ভুক্তভোগী তরুণী তার এক বান্ধবীর সাথে কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফাবাদ এলাকায় বেড়াতে যান। সন্ধ্যার দিকে আসামিরা তাকে জোরপূর্বক একটি নৌকায় তুলে বুড়িগঙ্গার মাঝখানে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন। পরে তাকে একটি বাড়ির কক্ষে আটকে রাখা হয়।
পরে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চার আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় অভিযোগপত্র দাখিল করে।
মামলার বিচার চলাকালে আটজন বিভিন্ন সময়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।
সূত্র : বাসস



