সাবেক ডিবি প্রধান হারুনের ভাইয়ের আয়কর নথি জব্দ

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ভাই এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের মামলায় তার বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগো
দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগো |সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ভাই, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি এ বি এম শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আসামি সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শাহারিয়ারকে বর্ণিত অপরাধে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সকল আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

সূত্র : বাসস