বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত ১১৪টি লাশ রায়েরবাজার কবরস্থান থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। তাদের মৃত্যুর কারণ আবিষ্কারের জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।
আদালত সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাহিদুল ইসলাম লাশ উত্তোলন চেয়ে এ আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ শাহাদাত বরণ করেন। যাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা শহীদকে অশনাক্ত করা হিসেবে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছে। ভবিষ্যতে আইনতগত পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের লাশ শনাক্তকরণের জন্য লাশ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর হতে উত্তোলন করা প্রয়োজন। এসব লাশের পোস্টমর্টেম রিপোর্ট প্রস্তুত, লাশের ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে। এছাড়া আইনি কার্যক্রম শেষে ডিএনএ প্রোফাইলিং -এর মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণের পর পরিবারের চাহিদা মোতাবেক লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার। এরপর বিচারক আবেদনসহ নথি পর্যালোচনা করেন। সার্বিক পর্যালোচনায় শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।



