আজহারের খালাস প্রাপ্তি নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

ড. আসিফ নজরুল আরো বলেন, ‘এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণআন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার।’

নয়া দিগন্ত অনলাইন
উপদেষ্টা আসিফ নজরুল ও জামায়াত নেতা এটিএম আজহার
উপদেষ্টা আসিফ নজরুল ও জামায়াত নেতা এটিএম আজহার |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণআন্দোলনের অকুতোভয় নেতৃত্বের।’

মঙ্গলবার (২৭ মে) আইন উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পোস্টে এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘নির্দোষ প্রমাণিত হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।’

তিনি বলেন, ‘আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে।'

ড. আসিফ নজরুল আরো বলেন, ‘এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণআন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার।’