৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

আপিল বিভাগের রায়ে দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দীর্ঘদিনের আইনি বাধা দূর হয়েছে। ফলে ১৩ বছর ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া এখন শুরু করতে পারবে সরকার।

নয়া দিগন্ত অনলাইন
প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ
প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ |সংগৃহীত

আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে শূন্য থাকা দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ১৩ বছর আগে আইনি জটিলতায় আটকে থাকা নিয়োগ প্রক্রিয়ায় বাধা দূর হলো।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, বিপুল সংখ্যক যে নিয়োগ আটকে আছে, সেটি সমাধানে সরকারের সব মহল থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা এই মুহূর্ত থেকে দূর হয়েছে। মন্ত্রণালয় এখন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে, কোনো আইনি জটিলতা হবে না।