ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদের জামিন নামঞ্জুর

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে খালেদের আইনজীবী জামিনের আবেদন করেন।

নয়া দিগন্ত অনলাইন
মামুন খালেদ
মামুন খালেদ |ইন্টারনেট

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

এক দিনের রিমান্ড শেষে আজ সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে খালেদের আইনজীবী জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৯ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: সেফাতুল্লাহ তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। সেসময় কার্যালয়ে ভাঙচুর করে তারা। একই সাথে পাশে অবস্থান নেয়া হাজার হাজার নেতাকর্মীর ওপরও হামলা চালায়। তখন মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ওই ঘটনায় পল্টন থানায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।