গুম ও হত্যার ঘটনায় মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল।
পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন।
তিনি তার বক্তব্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে ইতোমধ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার দেয়া জবানবন্দি পড়ে শোনান।
এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে ১৪ জানুয়ারি আদেশ দেবে ট্রাইব্যুনাল।
জিয়াউলের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে গত ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।



