ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি আজ বুধবার অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বেলা ১১টার পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে চেম্বার আদালত এ সিদ্ধান্ত জানিয়েছেন।
চেম্বার জজ জানান, পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ কার্যকর থাকবে না। ফলে এই মুহূর্তে ডাকসু নির্বাচন আয়োজন বা পরিচালনার ক্ষেত্রে আইনি বাধা নেই।
এর আগে, সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। তবে একই দিন বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান, ‘লিখিত আবেদন গ্রহণ করে চেম্বার জজ হাইকোর্টের আদেশকে সিএমপি ফাইল করেছেন এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছেন। এর ফলে নির্বাচন, প্রচারণা, ক্যাম্পেইনসহ সব কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা থাকছে না।’
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। স্বাধীনতার পর মাত্র সাতবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ভোটগ্রহণ হয় ২০১৯ সালে।



