দুর্নীতির মামলায় গ্রেফতার দুর্জয়

দুর্জয় অপরাধমূলক অসদাচরণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে চার কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
নাঈমুর রহমান দুর্জয়
নাঈমুর রহমান দুর্জয় |ইন্টারনেট

‎জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

সাবেক ক্রিকেটার দুর্জয় সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গত বছরের ১৮ ডিসেম্বর দুদকের পরিচালক আবুল হাসনাত বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নাঈমুর রহমান দুর্জয় অপরাধমূলক অসদাচরণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে চার কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন। এছাড়া তার নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের নয়টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন।

উল্লেখ, গত ৩ জুলাই রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।