ডিএমপি

উত্তরায় নারী ধর্ষণের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন

ডিএমপি জানায়, এ ধরনের কোনো ঘটনা উত্তরা, ঢাকা মহানগরী কিংবা দেশের অন্য কোনো স্থানে ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় নারী ধর্ষণের অভিযোগ সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্ট সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সম্প্রতি ফেসবুকে প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হয়, ‘এই মুহূর্তে রাজধানীর উত্তরায় স্বামীর সাথে ঈদের মার্কেট করতে এসে, স্বামীকে বেঁধে রেখে, সংঘবদ্ধ ধর্ষণে অজ্ঞান স্ত্রী’

ডিএমপি জানায়, এ ধরনের কোনো ঘটনা উত্তরা, ঢাকা মহানগরী কিংবা দেশের অন্য কোনো স্থানে ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, একটি মহল জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে পুরোনো বা বিদেশি ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচারের একাধিক ঘটনা ফ্যাক্টচেক সংস্থাগুলো মিথ্যা বলে শনাক্ত করেছে।

জনসাধারণকে বিভ্রান্তিকর পোস্ট ও ভিডিওতে কান না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো তথ্য শেয়ার করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে সত্যতা যাচাই করা উচিত। গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।