অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রূ-এর নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দু’টি মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দু’টি লিপিবদ্ধ করা হয়।
মামলা দু’টির অভিযোগে উল্লেখ করা হয়েছে, বীর বাহাদুর উ শৈ সিং অসংগতিপূর্ণভাবে নয় কোটি ১৭ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখল করছেন এবং ১৩টি ব্যাংক হিসাব থেকে ৫৮ কোটি ৪০ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। একইভাবে তার স্ত্রী মে হ্লা প্রূ অসদুপায়ে নয় কোটি ৩৫ লাখ টাকার সম্পদ অর্জন এবং ছয়টি ব্যাংকে ১৫ কোটি ৫৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের সাথে জড়িত।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু জানান, মামলা দু’টির তদন্ত চলছে এবং প্রতিবেদন প্রস্তুত করা হবে। মামলায় স্বামী বীর বাহাদুরকে সহযোগী আসামি করা হয়েছে। বাসস



