যুবদল নেতা আরিফ হত্যা : ৭ দিনের রিমান্ডে সুব্রত বাইন

তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষের আইনজীবী।

নয়া দিগন্ত অনলাইন
সুব্রত বাইন
সুব্রত বাইন |ইন্টারনেট

যুবদল নেতা আরিফকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম। অন্যদিকে তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষের আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আবদুল ওয়াহাব তার জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো: আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তার মৃত্যু হয়। নিহত আরিফ ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।

এই ঘটনায় পরদিন নিহত আরিফের বোন রিমা আক্তার সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ তদন্ত করছে।

মামলার অপর আসামিরা হলেন মো: ইয়াছিন (১৯), মো: আসিফ হোসেন (২১), মো: অনিক (১৯), মো: মিরাজ (১৯), মো: আশিক (১৯), মো: ইফতি (২৪), জাফর ইমাম তরফদার মন্টু (৪০), রতন শেখ (৪৫) ও আলিফ (১৯)।

উল্লেখ্য, গত ২৭ মে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে অস্ত্রসহ গ্রেফতার করে যৌথবাহিনী।