জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে করা মামলা খারিজ করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সাইবার নিরাপত্তা আইন বাতিল হওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২২ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো: নূরে আলম এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো: জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার (২১ মে) অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে। একইসাথে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। এক্ষেত্রে রাখার রাহার বিরুদ্ধে হওয়া সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারার মামলা করা হয়েছিল। নতুন অধ্যাদেশে এই ধারার অভিযোগ না থাকায় আদালত মামলাটি খারিজের আদেশ দেন।’
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ধর্মীয় কটূক্তি করে একটি কবিতা ফেসবুকে পোস্ট দেন সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা।
এ ঘটনায় গত ৩ মার্চ ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্যসচিব সাজ্জাদ হোসাইন। আদালত এ নালিশী মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। আজ এ মামলার ধার্য তারিখ ছিল। আইন বাতিল হওয়ায় ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেন। বাসস



