অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো: আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাজরীন শামসের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়েছে, মো: আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাজরীন শামসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগটি অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামস দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই দম্পতির বিদেশ গমন রহিত করা আবশ্যক।
সূত্র : বাসস



