শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়তে র‌্যাব দৃঢ় প্রতিজ্ঞ : র‌্যাব মহাপরিচালক

বিচার প্রক্রিয়ার স্বার্থে কোনো সংস্থা তথ্য বা সহায়তা চাইলে র‌্যাব সর্বোচ্চ সহযোগিতা করবে। সংস্থার কাছে থাকা তথ্য আইনানুগভাবে সরবরাহ করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক মো: আহসান হাবীব পলাশ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক মো: আহসান হাবীব পলাশ |ইন্টারনেট

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক মো: আহসান হাবীব পলাশ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়তে র‌্যাব দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, আমরা সবার জন্য বাসযোগ্য একটি দেশ গড়ে তুলতে চাই।

দায়িত্ব গ্রহণের পর আজ রোববার দুপুরে প্রথমবারের মতো রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আহসান হাবীব পলাশ এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাবের প্রয়োজনীয়তা রয়েছে। র‌্যাব একটি বিশেষায়িত বাহিনী, যার প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই।

র‌্যাব মূলত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সমন্বিতভাবে কাজ করে বলে উল্লেখ করেন তিনি।

আহসান হাবীব পলাশ আরো বলেন, র‌্যাবকে একটি পেশাদার, মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

অপরাধ প্রতিরোধ ও দমনে ভবিষ্যতেও সংস্থাটি আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র‌্যাবের পুনর্গঠন, সংস্কার বা নাম পরিবর্তন সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। বর্তমানে সংস্থাটির মূল অগ্রাধিকার দায়িত্বশীলভাবে কাজ করা।

অপর এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, বিচার প্রক্রিয়ার স্বার্থে কোনো সংস্থা তথ্য বা সহায়তা চাইলে র‌্যাব সর্বোচ্চ সহযোগিতা করবে। সংস্থার কাছে থাকা তথ্য আইনানুগভাবে সরবরাহ করা হবে।

তিনি বলেন, সংস্থার গঠনকাল থেকে বিভিন্ন সময়ে কিছু বিচ্যুতি বা ভুলত্রুটি থাকতে পারে। তবে সে সব জায়গা সংশোধনের মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব।

র‌্যাবের মহাপরিচালক বলেন, গত দেড় বছরে র‌্যাবের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও দাবি করেন তিনি।

ধারাবাহিকভাবে ভালো কাজের মাধ্যমে ভবিষ্যতে এসব বিতর্ক ও সমস্যার সমাধান হবে এবং র‌্যাব একটি আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়াও সন্ত্রাস দমন ও মাদকবিরোধী অভিযানসহ র‌্যাবের অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি উল্লেখ করেন তিনি।

র‌্যাবের মহাপরিচালক বলেন, র‌্যাব ফোর্সেস গত তিন মাসে অস্ত্র সংক্রান্ত অভিযান চালিয়ে ৩৩১টি অস্ত্রসহ মোট ১০৪ জনকে গ্রেফতার করেছে।

এ ছাড়াও গত ৯০ দিনে হত্যা সংক্রান্ত মামলায় ৪৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত তিন মাসে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রায় ১৭৫ জন, ছিনতাইকারী ৬১ জন, ডাকাত ১০৬ জন, মানবপাচারকারী ২৬ জনসহ ওয়ারেন্টভুক্ত আসামি ও পর্নোগ্রাফি মামলায় তিন হাজার ৪৭৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

এ ছাড়াও মাদকবিরোধী অভিযানে এক হাজার ১১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

সূত্র : বাসস