বর্তমানে বেসরকারি মেডিক্যাল, ডেন্টাল কলেজে এমবিবিএস, বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য পাঁচ শতাংশ মেধাবী ও অসচ্ছল কোটা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, দেশে বেসরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজগুলোয় শিক্ষা ব্যয়বহুল, দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা এই সব প্রতিষ্ঠানে শিক্ষা লাভের সুযোগ পায় না। এ ক্ষেত্রে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোতে দরিদ্র মেধাবীদের জন্য বিশেষ কোটা ব্যবস্থাসহ এই সব প্রতিষ্ঠানে শিক্ষার ব্যয়ভার কমানোর জন্য আপনার মন্ত্রণালয় কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা?
জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেন, দেশের মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ও নার্সিং শিক্ষা সম্প্রসারণ, আধুনিকায়ন ও গুণগত মানোন্নয়ন এবং সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সে আলোকে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে বেসরকারি মেডিক্যাল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য পাঁচ শতাংশ মেধাবী ও অসচ্ছল কোটা চালু রয়েছে। এবছর পাঁচ শতাংশ হারে মোট ৩৯৪ জন শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি মেডিক্যাল/ ডেন্টাল কলেজে মেধাবী ও অসচ্ছল কোটায় ভর্তির সুযোগ পেয়েছে।



