মাদক ও ইন্টারনেটে আসক্তি ও এর সমাধান নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

দিনব্যাপী আয়োজনে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

নয়া দিগন্ত অনলাইন
কর্মশালায় অতিথিরা
কর্মশালায় অতিথিরা |নয়া দিগন্ত

‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি : সমাধান যে পথে’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টায় শুরু হওয়া কর্মশালাটি চলে বিকেল ৪টা পর্যন্ত। এর আয়োজক দ্য বাংলাদেশ অ্যান্টিড্রাগ ফেডারেশন। সহযোগিতায় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

দিনব্যাপী আয়োজনে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর, যেকোনো আসক্তি থেকে উত্তরণের উপায়, ক্যারিয়ার নির্বাচনে গাইডলাইন, মাদকে কেন আসক্ত হয় ও পরিত্রাণের উপায়, ডোপ টেস্ট কী, কেন জরুরি, ইন্টারনেটে আসক্তি ও রক্ষার উপায় বিষয়গুলো নিয়ে সেশনগুলো অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালাম। উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো: হাসান মারুফ ও বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের জেনারেল সেক্রেটারি লাবিন রহমান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কবি ও মিডিয়া ব্যক্তিত্ব শিরিনা বিথীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য বাংলাদেশ অ্যান্টিড্রাগ ফেডারেশনের প্রধান উপদেষ্টা খবির উদ্দিন আহমেদ।

অংশগ্রহণকারীদের জন্য মোট পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়। কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় সেশনগুলো নেন সংবিধান বিশেষজ্ঞ ও সমাজ বিশ্লেষক আরিফ খান, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল, ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসান, প্রমিসেস মাদক নিরাময় কেন্দ্রের উদ্যোক্তা শাহেদুল ইসলাম হেলাল এবং উদ্যোক্তা ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক নিয়াজ আলী চিশতী।

সেশন শেষে কুইজের আয়োজন করে মিডিয়া পার্টনার সময় জার্নাল। যেখানে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ড্যাব) মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান ও সংসদ সদস্য হেলেন জেরিন খান।