ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগের (ইএনটি) অধ্যাপক ডা: মো: আসাদুর রহমানের চিকিৎসাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শান্তিনগর পপুলার ডায়গনস্টিক সেন্টারের সামনে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চিকিৎসক সংগঠনের নেতারা।
অধ্যাপক আসাদুর রহমানের ওপর এ হামলা প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা: মাহমুদ হোসেন।
পৃথক পৃথক বিবৃতিতে দুই সংগঠনের নেতারা বলেন, অধ্যাপক ডা: মো: আসাদুর রহমানের উপর সংঘটিত এই ন্যাক্কারজনক হামলায় চিকিৎসক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। চিকিৎসকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত নিরলসভাবে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সেই চিকিৎসকদের ওপর হামলা ও শারীরিক লাঞ্ছিত করা খুবই নিন্দনীয় অপরাধ।
দুই সংগঠনের নেতারা আরো বলেন, চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা বাধাগ্রস্ত হবে। স্বাস্থ্যসেবার স্বার্থে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকসহ সব ধরনের স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে তারা বলেন, একজন চিকিৎসক, শিক্ষক ও স্বাস্থ্যসেবার নিবেদিত প্রাণ ব্যক্তির ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। চিকিৎসকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়; এটি দেশের চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসক সমাজ এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিবেশের ওপরও আঘাত। কোনো অবস্থাতেই চিকিৎসকের ওপর হামলা, হুমকি কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান গ্রহণযোগ্য নয়।
নেতারা বলেন, হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান তারা। একইসাথে দেশের সব হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।



