ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু

চলতি বছরে মোট আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী। এই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট নয় হাজার ৭৮৬ জন।

নয়া দিগন্ত অনলাইন
ডেঙ্গু মশা
ডেঙ্গু মশা |ইন্টারনেট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন মোট ৩৭ জন।

নতুন করে শনাক্ত হয়েছে আরো ৩৭২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৮৫৭ জনে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মারা যাওয়া রোগীদের মধ্যে একজন কন্যাশিশু, যার বয়স শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে এবং দু'জন নারী, যাদের একজনের বয়স ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে ও আরেকজনের বয়স ৪৬ থেকে ৫০ বছরের মধ্যে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন। ঢাকা উত্তর সিটিতে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫২ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে চারজন এবং রংপুর বিভাগে ছয়জন রোগী রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর আরো জানিয়েছে, চলতি বছরে মোট আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী। এই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট নয় হাজার ৭৮৬ জন।