রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিক্যাল জোন।
শনিবার (১৫ আগস্ট) এক যৌথ বিবৃতিতে মেডিক্যাল জোনের সভাপতি ডা: জুলফিকার আলী ও সেক্রেটারি ডা: আদনান হামজা বলেন, রোগীর মৃত্যু বা চিকিৎসা সংক্রান্ত কোনো জটিলতাকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকরা রোগীর জীবন রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাগত দায়িত্ব পালন করেন। কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব।
নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একইসাথে হাসপাতালে চিকিৎসক, শিক্ষার্থী ও রোগীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং রোগীর সাথে আগত স্বজনের সংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
বিবৃতিতে আরো বলা হয়, হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলা ও গ্রেফতার নিশ্চিত করার পাশাপাশি মামলার অগ্রগতি সংশ্লিষ্ট চিকিৎসকদের অবহিত করতে হবে।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। অন্যথায় চিকিৎসক-শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে সংগঠনটি।



