স্ত্রীর অকথ্য গালমন্দ সইতে না পেরে মালয়েশিয়ায় বাংলাদেশী যুবকের আত্মহত্যা

স্ত্রী ও তার পরিবারের সদস্যদের অকথ্য গালমন্দ সইতে না পেরে অভিমান করে মালয়েশিয়ায় গলাকেটে আত্মহত্যা করেছেন মো: রাকিব হোসেন (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশী যুবক।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মো: রাকিব হোসেন (২৬)
মো: রাকিব হোসেন (২৬) |নয়া দিগন্ত

স্ত্রী ও তার পরিবারের সদস্যদের অকথ্য গালমন্দ সইতে না পেরে অভিমান করে মালয়েশিয়ায় গলাকেটে আত্মহত্যা করেছেন মো: রাকিব হোসেন (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশী যুবক।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান ইম্বির একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাকিব হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নজরপুর গ্রামের মো: মোবারক হোসেনের ছেলে।

কয়েক বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান রাকিব। গত বছরের সেপ্টেম্বরে দেশে ফিরে পারিবারিকভাবে মরিয়ম নামে এক তরুণীকে বিয়ে করেন।

ছুটি কাটিয়ে গত ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ায় ফিরে যান রাকিব। কিন্তু এরপরই তার স্ত্রী মরিয়ম বাবার বাড়ি চলে যান এবং স্বামীর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

রাকিবের বাবা মোবারক হোসেন জানান, রাকিব কানে কিছুটা কম শুনতেন এবং ধীরগতিতে কথা বলতেন। এ কারণে স্ত্রী মরিয়ম ও তার পরিবারের সদস্যরা রাকিবকে অকথ্য ভাষায় গালমন্দ করতেন। স্ত্রীর এমন আচরণ সইতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছে সে।

বর্তমানে রাকিবের লাশ কুয়ালালামপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা মোবারক হোসেন এখন ছেলের নিথর দেহটি দেশে ফিরিয়ে নেয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন।

দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে লাশ বাংলাদেশে পাঠাতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তিনি।