মালয়েশিয়ায় ভারসাম্যহীন যুবক উদ্ধার, দেশে পাঠাল প্রবাসীরা

দীর্ঘ ছয় বছর কুয়ালালাপুর বাংলাদেশী মার্কেট কোতারায়ায় রাস্তার ঘুরাঘুরি করতেন তিনি। তার এ অবস্থা দেখে প্রবাসী মো: আদনান ও তার টিম তাকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
উদ্ধার আব্দুল রশিদ ব্যাপারী
উদ্ধার আব্দুল রশিদ ব্যাপারী |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় গিয়ে সর্বস্ব হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন ফরিদপুরের যুবক আব্দুল রশিদ ব্যাপারী (৩০)।

শুক্রবার (১ মে) রাতের ফ্লাইটে রশিদ ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে স্বজনরা তাকে গ্রহণ করেন।

রশিদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নাজিরপুরে গ্রামে।

দীর্ঘ ছয় বছর কুয়ালালাপুর বাংলাদেশী মার্কেট কোতারায়ায় রাস্তার ঘুরাঘুরি করতেন তিনি। তার এ অবস্থা দেখে প্রবাসী মো: আদনান ও তার টিম তাকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

জানা যায়, মানসিক ভারসাম্য হারিয়ে কুয়ালালামপুর বাংলাদেশী মার্কেট কোতারায়ায় রাস্তার পাশে দীর্ঘদিন পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রবাসী মো: আদনান ও তার টিমকে জানায়। পরে তিনি ও তার সহযোগীরা রশিদকে উদ্ধার করে। প্রথমে অসুস্থ থাকায় নিজের পরিচয় ঠিকমত বলতে পারছিল না রশিদ। পাসপোর্ট পারমিট না থাকায় পরে ফেসবুকে পোস্ট দিলে দূতাবাস থেকে ট্রাভেল পাস ও ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস সংগ্রহ করতে সহযোগিতা করে মো: আদনান, ডক্টর চাঁদনী, মাহফুজুর রহমান, মো: আরাফাত হোসেন, মো: শামীম সরকার, মো: আর কে রাকিব, মো: দিপু, মো: সাগর, মো: হেলাল হোসেন, মো: রাজিব হোসেন, মো: সোহেলসহ আরো অনেকে।

রশিদের পরিবার জানায়, নয় বছর আগে বৈধভাবে চাকুরি নিয়ে মালয়েশিয়ায় যান তিনি। কিন্তু তিন বছর পরিবারের সাথে যোগাযোগ থাকলেও গত ছয় বছর যাবত সে নিখোঁজ ছিল।

প্রবাসীরা জানায়, কাউন্টারে চেক আউট করার পর রশিদ বিমানের কাছে পৌঁছতে না পেরে দু’বার হারিয়ে যায় এবং ফ্লাইট মিস করে। পরে অতিরিক্ত দামে তৎক্ষণিক টিকিট ক্রয় করে ওই রাতেই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।