কায়রো (মিশর) সংবাদদাতা
মিশরের রাজধানী কায়রোর ঐতিহ্যবাহী বুরজ আত-তাতবিকিয়্যিনের গ্র্যান্ড কনফারেন্স হলে মরহুম ছারছীনা পীর স্মরণে সম্প্রতি আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি, আল-আযহার বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছারছীনা শরীফের মরহুম পীর মোহাম্মদ মোহেব্বুল্লাহর জীবন, কর্ম ও তাজদিদি মিশনের ওপর আলোচনা এবং ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের বর্তমান পীর মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।
ছারছীনা দারুসসুন্নাত সোসাইটির আহ্বায়ক সাইমুম আল-মাহদী আল-আযহারীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিশরের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব ক্বারী মোহাম্মদ সাইদ। স্বাগত বক্তব্য দেন সাইফুর রহমান আল-আযহারী।
বক্তারা বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় ছারছীনা শরীফের শতবর্ষের দ্বীনি খেদমত, মরহুম পীর শাহ মোহাম্মাদ মোহেব্বুল্লাহর জীবনাদর্শ, আধ্যাত্মিক অবদান এবং বাংলাদেশের ইসলামী শিক্ষা ও সমাজ সংস্কারে তার ভূমিকা তুলে ধরেন।
ইত্তেহাদুল আরবের প্রেসিডেন্ট ড. মোহাম্মাদ মাখঝুমি বলেন, তাসাউফ চর্চা ও ইসলামের খেদমতে ছারছীনা দরবার শরীফের অবদান মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয় দৃষ্টান্ত।
অনুষ্ঠানে আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ২০টি দেশের শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। ভারতের ফুরফুরা দরবার শরীফের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বর্তমান পীরের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেয়া হয়। মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তেহাদ’-এর পক্ষ থেকে প্রধান উপদেষ্টা শিহাবউদ্দিন আল-আযহারী সম্মাননা স্মারক প্রদান করেন।
ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ
অনুষ্ঠানের একপর্যায়ে ছারছীনা দরবার শরীফ পরিচালিত আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ‘হেমায়েতে ইসলাম বাংলাদেশ’-এর উদ্যোগে মিশরে অবস্থানরত যুদ্ধবিধ্বস্ত ও উদ্বাস্তু ২০টি ফিলিস্তিনি পরিবারের মাঝে নগদ অর্থ ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ঐক্য ও আদর্শিক নেতৃত্ব গঠনের আহ্বান
সমাপনী বক্তব্যে ছারছীনা পীর মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ আকিদা, উত্তম চরিত্র, তাকওয়া ও সুন্নাহভিত্তিক জীবন গঠনের মাধ্যমে উম্মাহর আদর্শ নেতৃত্ব হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
পরে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



