মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশী মিনার হোসেন। দেশে ফেরার জন্য তাকে বিমান টিকিট দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।
সোমবার (২০ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে হাইকমিশনে এই বিমান টিকিট প্রদান করা হয়।
এ সময় হাইকমিশনার নাজমুল ইসলাম অসুস্থ মিনার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, ‘মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের যেকোনো প্রয়োজনে হাইকমিশন সর্বদা পাশে থাকতে বদ্ধপরিকর। এছাড়াও প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও আইনি অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।’
প্রসঙ্গত, প্রবাসী মিনার হোসেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। তিনি বিএমইটি ছাড়পত্র নিয়ে মালদ্বীপে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি হঠাৎ করে হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
আগামী ২৪ এপ্রিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিনার হোসেনের মালদ্বীপ থেকে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।



